
সময়ের পথ ড্রেক্স নিউজ:-
নিম্নস্তরের সিগারেটের ১০ শলাকার প্যাকেটের ন্যূনতম খুচরা মূল্য ৬৫ টাকা নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতদিন এই স্তরের সিগারেটের দাম ছিল ৬২ টাকা। অর্থাৎ নতুন সিদ্ধান্তে প্যাকেটপ্রতি দাম ৩ টাকা বাড়ছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২০তম বৈঠকে সিগারেটের মূল্য পুনর্নির্ধারণের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর আওতায় নিম্নস্তরের সিগারেটের মূল্য নতুন করে নির্ধারণ করা হয়েছে। এ পরিবর্তন কার্যকর করতে সিগারেটের মূল্য নির্ধারণ এবং সিকিউরিটি স্ট্যাম্প ও ব্যান্ডরোল ব্যবহারের বিষয়ে জারি করা দুটি প্রজ্ঞাপন সংশোধন করা হবে।
সরকার বলছে, নিম্নস্তরের তামাকজাত পণ্যের অবৈধ কেনাবেচা কমানো এবং তামাক খাত থেকে রাজস্ব আদায়ের ঘাটতি কমানোর লক্ষ্যেই মূল্য পুনর্নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে সিগারেটের অন্য স্তরগুলোর দাম বাড়ানো হয়নি। বর্তমানে মধ্যম স্তরের ১০ শলাকার প্যাকেট ৯২ টাকা, উচ্চ স্তর ১৬০ টাকা এবং প্রিমিয়াম স্তরের দাম ২১০ টাকা বা তার বেশি নির্ধারিত রয়েছে।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এর আগে নিম্নস্তরের সিগারেটের দাম ৬০ টাকা থেকে বাড়িয়ে ৬২ টাকা করা হয়েছিল। এবার আরও ৩ টাকা বাড়িয়ে এই স্তরের সিগারেটের ন্যূনতম দাম ৬৫ টাকা করা হলো।