ব্রাহ্মণবাড়িয়ার কৃতী সন্তান লে. কর্নেল মোস্তাফিজুর রহমান র্যাব-৭-এর নতুন অধিনায়ক
সময়ের পথ নিউজ ড্রেস্ক:-
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চাপুইর গ্রামের কৃতী সন্তান লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান চট্টগ্রামে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৭-এর নতুন অধিনায়ক (কমান্ডিং অফিসার-সিও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
এর আগে তিনি র্যাব-১৫-এ দায়িত্ব পালন করেছেন। র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নতুন অধিনায়ক দায়িত্ব নেওয়ার আগে র্যাব-৭-এর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান। বর্তমানে তিনি র্যাব-৪-এর দায়িত্বে রয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, র্যাবের বিভিন্ন ইউনিটে সেনা, নৌ ও বিমানবাহিনীর কর্মকর্তারা নির্দিষ্ট মেয়াদে প্রেষণে (ডেপুটেশন) দায়িত্ব পালন করেন। মেয়াদ শেষে তাদের নিজ নিজ বাহিনীতে ফেরত যাওয়ার নিয়ম রয়েছে। এরই ধারাবাহিকতায় র্যাব-৭-এ এই নেতৃত্বের পরিবর্তন হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার চাপুইর গ্রামের কৃতী সন্তান হিসেবে লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমানের নতুন এই দায়িত্ব গ্রহণে স্থানীয়দের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি তৈরি হয়েছে।
তার নতুন দায়িত্বে সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন এলাকাবাসী। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন তারা।